বুধবার ৪ নভেম্বর ২০২৬

কর্মক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা চায় ফারিয়া

Fariaওষুধ শিল্পে কর্মরত প্রতিনিধিদের স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ প্রেসক্রিপশন সার্ভে নিষিদ্ধের দাবি জানিয়েছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার বেলা আড়াইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক্সটেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারিয়ার নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফারিয়া সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, রফতানিতে গার্মেন্টসের পরই ওষুধ শিল্প। ২ লাখ ৩০ হাজার যুবক এখানে কাজ করেন। তবে এতো বড় সেক্টরে কোনো নীতিমালা নেই। ঈদ ছাড়া সরকারি ছুটির দিনেও ছুটি ভোগ করতে পারে না কেউ। সুযোগ সুবিধা যা দেয়ায় তাও সময় মতো পওয়া যায় না এবং সব কোম্পানি তা অনুসরণ করে না। সুনির্দিষ্ট নীতিমালা হলে ওষুধ শিল্প আরো এগিয়ে যাবে বলে জানান তিনি।

সাধারণ সম্পাদক মো. মাসুদুল আলম সরকার মালিকপক্ষের কাছে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তুলে বলেন, আমাদের কাজই হচ্ছে স্ব স্ব কোম্পানির ওষুধ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তারদের কাছে ব্র্যান্ডিং করা। ১২টার আগে সরকারি কোনো হাসপাতাল ও মেডিকেলে যাওয়ার নিয়ম নেই। সে নিয়ম মেনেই কাজ করতে হয়। এরপরও অনাকাঙ্খিতভাবে গত সপ্তাহে শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু হাসপাতালে ২৭ রিপ্রেজেনটেটিভকে কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে ২ হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা দিয়ে ছাড়া পান সবাই। এসব হয়রানি বন্ধের দাবি জানান তিনি। পাশাপাশি ৪পি এনজিওর সকল কর্মকাণ্ড বন্ধ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরে রিপ্রেজেনটেটিভদের স্বার্থ রক্ষা ও সেক্টর উন্নতির সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন