বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিকাশের নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা, টাকা লুট

Bkash_287022895গাজীপুরের টঙ্গীতে বিকাশের নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করে টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাতাইশ বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত শেখ আব্দুল হামিদ (৫০) অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি বাগেরহাট জেলার রামপাল বড় কাতলা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর বিকাশ এজেন্টের সুপারভাইজার এমদাদ হোসেন, চালক সুদেব কুমার ও আব্দুল হামিদ গাড়ি নিয়ে সকাল থেকে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে টাকা সংগ্রহ করেন। ফেরার পথে টঙ্গীর সাতাইশ বাসস্ট্যান্ড এলাকার ‘মা মিডিয়া সেন্টারে’ বিকাশের টাকা সংগ্রহ ও ওখানে বসে সব টাকা গণনা করে বের হবার পর দুইটি মোটরসাইকেলে আসা ৩/৪ ছিনতাইকারী তাদের ঘিরে ধরে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষী হামিদ দুর্বৃত্তদের লক্ষ্য করে শর্টগান তাক করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে ৩টি গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। এক সময় দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিকাশের এজেন্টের মাইক্রোবাস চালক সুদেব কুমার জানান, তারা গাজীপুর চান্দনা চৌরাস্তা, টঙ্গীর সাতাইশ, হোসেন মার্কেট, খাঁপাড়াসহ এলাকা থেকে টাকা সংগ্রহ করেন।

তার দাবি, ব্যাগে ১৫/১৬ লাখ টাকা ছিল।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিনুল ইসলাম জানান, টাকা তুলে মোটরসাইকেলযোগে ফেরার সময় একই মোটরসাইকেলে হামিদের সাথে আরো দুই সশস্ত্র নিরাপত্তাকর্মী ছিলেন। কিন্তু টাকা ছিনতাইকালে গুলি না করে ওই দুই নিরাপত্তাকর্মীর পালিয়ে যাওয়ার ঘটনা প্রশ্নবিদ্ধ।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাদিয়া ইসলাম জানান, হামিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে তিনটি ও মাথায় একটি ক্ষত রয়েছে। তবে তা গুলিতে সৃষ্ট ক্ষত কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহতের লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রয়েছে। ৮/৯ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন