জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ সাত উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফিং করেন।
তিনি বলেন, এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮৮১ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ঋণ সহায়তা দিবে ৯ হাজার ৩৪০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সাল।
তিনি জানান, এটিসহ সাত প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮শ’ ৯৪ কোটি টাকা। এর মধ্যে এডিবি দিবে সাড়ে ৯ হাজার কোটি টাকা।


