রাজধানীর ধানমন্ডি এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। তাদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে গুরুতর আহত হন সাগর নামের এক ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে।
একই ঘটনায় আটক রয়েছেন হজরত ও বাশার নামের দুজন। পুলিশের গুলিতে আহত হয়ে হজরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাশারকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হকের ভাষ্য, আজ ভোরে পল্টনের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীদের একটি চক্র ছিনতাই করছিল। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। গাড়ি নিয়ে তারা ধানমন্ডির দিকে পালিয়ে যায়। ধানমন্ডি ৩ নম্বর সড়কে তাদের আটকে দেওয়া হয়। সেখানে উত্তেজিত জনতার গণধোলাইয়ে এক ছিনতাইকারী গুরুতর আহত হয়। পালানোর সময় আরেকজন পুলিশের গুলিতে আহত হয়। এই চক্রের আরও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।


