সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া গ্রামে মা শাসন করায় অভিমান করে বিলকিস খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ছাত্রীর মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত বিলকিস স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও উল্লেখিত গ্রামের দুলাল শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে প্রতিদিনের মতো বিলকিস বাড়িতে ফিরলে মায়ের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে রাগারাগি হয়। এর এক পর্যায়ে বিলকিসকে তার মা মারধর করে শাসন করেন।
এ নিয়ে সোমবার সন্ধ্যায় সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বিলকিস।
সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান, নিহতের পরিবারের দাবি, অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।


