ঢাকার আজিমপুরে এক বাড়িতে জঙ্গি আস্তানার খবরে সেখানে অভিযান চালালে ওই বাড়িতে থাকা জঙ্গিরা পুলিশের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। এতে তিন পুলিশ অসুস্থ হয়ে পড়েছেন।
এছাড়া দুই পুলিশ সদস্যের হাতে কোপ দেয় নারী জঙ্গিরা।
শনিবার রাত সাড়ের ৭টার দিকে বিজিবি’র ২ নম্বর গেটের পাশের ওই বড়িতে ঘটনার সূত্রপাত। অভিযান শুরু হওয়ার পর ভেতর থেকে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। সেখানে এখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় চলছে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) নামের গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।


