৯/১১ সন্ত্রাসী হামলার জন্য সৌদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রেখে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো ভয়াবহ সেই সন্ত্রাসী হামলার ঘটনার ১৫ বছর পূর্তির প্রাক্কালে গতকাল শুক্রবার বিলটি সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।
এ বিলের উদ্যোগ নিয়ে মিত্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অস্বস্তির সৃষ্টি হয়েছিল। গত মে মাসে বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়।
গতকাল পাস হওয়া এই বিলের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা এখনো আগের অবস্থানেই রয়ে গেছেন। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বিলটি তিনি ভেটো দিয়ে আটকে দেবেন। কারণ তা পাস হলে অন্য দেশগুলোয়ও যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একই ধরনের আইন প্রণীত হতে পারে।
তবে ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের সংগঠনের নেতা টেরি স্ট্রাডা বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আর মানুষ হত্যায় আমরা যদি অর্থায়ন না করে থাকি, তাহলে তো আমাদের এ ব্যাপারে ভয়ের কিছু নেই।’
বিশ্লেষকেরা বলছেন, বারাক ওবামা বিরোধিতা করলেও রিপাবলিকান নেতারা নিজেদের মতের পক্ষে যথেষ্টসংখ্যক ভোট আদায় করে নিতে পারেন। আর সে ক্ষেত্রে এই প্রথমবারের মতো তাঁর কোনো ভেটো প্রত্যাখ্যাত হবে।
উড়োজাহাজ ছিনতাই করে ৯/১১-এর হামলা চালানোর ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। তবে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব প্রথম থেকেই ৯/১১-এর ঘটনায় দেশটির সরকারের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে আসছে। কংগ্রেসে এ বিলটি পাস করলে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিয়েছিল দেশটি।


