বুধবার ৪ নভেম্বর ২০২৬

আসল হিলারি অসুস্থ, নকল হিলারি নির্বাচনী প্রচারে!

আসল হিলারি অসুস্থ নকল হিলারি নির্বাচনী প্রচারেট্রাম্প সমর্থকরা প্রচার করছেন, গত ১১ সেপ্টেম্বর যে হিলারিকে দেখা গেছে, তিনি আসল হিলারি নন। এ সংক্রান্ত প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম গরম করছেন তারা।

৯/১১ হামলার ১৫ বছর পূর্তি উপলক্ষে এক স্মরণসভায় অসুস্থবোধ করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। অনুষ্ঠান শেষ করার আগেই তিনি সেখান থেকে তার মেয়ে চেলসি ক্লিনটনের অ্যাপার্টমেন্টে চলে যান। পরে জানানো হয়, হিলারি সুস্থ আছেন।

অসুস্থ হিলারি তার মেয়ের অ্যাপার্টমেন্ট থেকে দুই ঘন্টা পরই বেরিয়ে আসেন এবং জানান তিনি এখন অনেকটা ভালো বোধ করছেন। পরে হিলারির ডাক্তার লিজা আর বারড্যাক এক বিবৃতিতে বলেন, ‘হিলারি দীর্ঘদিন ধরে এলার্জিজনিত কাশিতে ভুগছিলেন। শুক্রবার তার রোগ নির্ণয়ে কিছু পরীক্ষা করা হয়। সেখানে তার নিউমোনিয়া ধরা পড়ে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং কর্মসূচী পরিবর্তন করে বিশ্রাম নিতে বলা হয়েছে।’

কিন্তু ট্রাম্প সমর্থকরা প্রশ্ন তোলেন, ওই অ্যাপার্টমেন্ট থেকে যে হিলারিকে বেরিয়ে আসতে দেখা গেছে, তিনি আসল হিলারি ছিলেন কি না! ট্রাম্প সমর্থকরা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হিলারির দুটি ছবির তুলনা তুলে ধরেন। সেপ্টেম্বরের ১১ তারিখের ছবিতে হিলারির বাম হাতের তর্জনি এবং কানের দুলের ছবি দিয়ে আগের ছবির সঙ্গে তুলনা করে এই সন্দেহ প্রকাশ করে ট্রাম্প সমর্থকরা।

‘অলওয়েজ ট্রাম্প’নামের ওই টুইটার অ‌্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে – ‘হিলারির তর্জনি তার অনামিকা থেকে বড় (ছবিতে তা বড় দেখাচ্ছে না)। এটা হিলারি হতেই পারে না।’

ট্রাম্প সমর্থকরা অপর এক টুইট বার্তায় বলছেন, ‘আগের হিলারি থেকে সেদিনের হিলারিকে কম বয়সী ও শুকনো দেখাচ্ছে।’

আবার লেখা হয়, ‘হিলারি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসার সময় কোনও নিরাপত্তারক্ষী দেখা যায়নি, যা কখনও হতে পারে না। তিনি একজন প্রেসিডেন্ট প্রার্থী। এটা সম্ভবত নকল হিলারি।’

তবে ট্রাম্প সমর্থকদের এসব সন্দেহ নিরপেক্ষ মাধ্যম থেকে নিশ্চিত করা যায়নি। সমর্থকদের সন্দেহের বিষয়ে ট্রাম্প নিজেও কোনও কথা বলেননি। আর এসব কথা উড়িয়ে দিয়েছে হিলারি শিবির।
সূত্র: ডেইলি মেইল।

আরও পড়ুন