সরকারের সমালোচনা করে বিএনপি বলছে, “আওয়ামী লীগ এতো পুরনো দল… এখন রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়ে গেছে যে তাদের আইনশৃ্ঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে।”
শুক্রবার উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের মত আওয়ামী লীগ ‘বিরাজনীতিকরণের’ পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, “১/১১ এর সরকার বিরাজনীতিকরণ করেছে, তাদের আমরা দোষ দেই। এখন আওয়ামী লীগই তো বিরাজনীতিকরণ করছে। তারা অন্যান্য রাজনৈতিক দলকে কোথাও কাজ করতে দিচ্ছে না, এলিমিনেট করছে। রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করছে। তাদের বিরুদ্ধে কথা-বার্তা বলে মিথ্যা মামলা দিচ্ছে।”
সরকার ‘উল্টো পথে’ চলছে মন্তব্য করে ফখরুল বলেন, এতে কেবল তার দল নয়, ‘গোটা জাতি’ আক্রান্ত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৯টি ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে অভিযোগ করে সরকারপ্রধানের উদ্দেশে ফখরুল বলেন, “আপনি ১০০/২০০ করে নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। কোন মামলাটা সত্য? প্রত্যেকটা জায়গায় এভাবে মামলা দেওয়া হচ্ছে।”
বিএনপি মহাসজিব বলেন, কেবল ‘সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য’ নির্বাচনের মাধ্যমেই এ ‘সংকট থেকে’ উত্তরণ সম্ভব।
“একটা নির্বাচন চাই- এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের মূল কথা হচ্ছে- আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা হওয়া উচিৎ। এটা (আগামী নির্বাচন) কীভাবে সকলের কাছে গ্রহণযোগ্য, ইনক্লুসিভ একটা নির্বাচন হতে পারে। আমরা সেটাই চাই।”
গত জাতীয় নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সে সময় লিখিত কোনো সিদ্ধান্ত না হলেও নির্বাচনের বিষয়ে দুই পক্ষ ‘একমত’ হয়েছিল।
“এখন সেই জায়গাটা থেকে তারা (আওয়ামী লীগ) সম্পূর্ণ সরে গেছেন। বিভিন্ন ইস্যু তৈরি করে কী করে বিরোধীদলকে ধ্বংস করা যাবে, নিশ্চিহ্ন করা যাবে, সেই কাজটি তারা করছেন।”


