রাজধানীর যাত্রাবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত মামুনুর রশিদ যাত্রাবাড়ির পলাশপুরের হারুনুর রশিদের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, দুপুরে মামুনকে তার বড় ভাই শান্ত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে এসআই বলেন, “সকাল ১১টার দিকে শনির আখড়ায় রাস্তায় পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় মামুন আহত হয়েছিল।”
মামুনের লাশ স্বজনরা নিয়ে গেছে বলে জানান যাত্রাবাড়ীর থানার ওসি আনিসুর রহমান।
মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।


