বুধবার ৪ নভেম্বর ২০২৬

ক্যাপিটাল ওয়ান কাপে চেলসি, লিভারপুল, আর্সেনালের জয়

onlineimageresize_com_lestarcityকিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লিস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে অ্যান্তনিও কন্তের চেলসি। আরেক ম্যাচে, ডার্বি কাউন্টির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এছাড়া, নটিংহাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক হওয়ার বাড়তি সুবিধা নিয়ে চেলসির বিপক্ষে মাঠে নামে বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি। তাইতো এদিন গোলের সূচনাটাও হয় ফক্সেসদের পা থেকে। ১৭ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন শিনজি ওকাজাকি।

৩৪ মিনিটে সেই ওকাজাকিই লিড দ্বিগুণ করেন লিস্টারের হয়ে। বিরতিতে যাবার আগে প্রথমার্ধ্বের যোগ করা সময়ে ফেব্রেগাসের অ্যাসিস্টে চেলসির হয়ে ব্যবধান কমান গ্যারি কাহিল।

বিরতির পর ফিরে ৪ মিনিটের মধ্যেই কেসার ট্যাঙ্কোর গোলে সমতায় ফেরে ব্লুজরা। ম্যাচের ৮৯ মিনিটে পর পর দুটি হলুদ কার্ড দেখে ডিফেন্ডার ওয়াসিলিস্কি মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লিস্টার। তারপরও সুবিধা করতে পারেনি অ্যান্তনিও কন্তের দল। সমতায় থেকে শেষ হয় নির্ধারিত সময়ের ম্যাচ।

ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে সেস্ক ফেব্রেগাসের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। আরেক ম্যাচে, ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অল রেডদের হয়ে গোল করেন রাগনার ক্ল্যাভেন।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে আবারো আক্রমণ স্বাগতিকদের জালে। ফিলিপ কৌতিনহোর গোলে লিড দ্বিগুণ করে অতিথি লিভারপুল। লিড দ্বিগুণ করার আনন্দ শেষ হতে না হতেই ৪ মিনিট পর ডিভক ওরিগি ব্যবধান ৩-০ করেন অল রেডদের হয়ে।

এরপর ম্যাচে আর কোন গোল না হওয়ায় জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এদিকে, নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটেই জাকার গোলে লিড নেয় আর্সেনাল। ব্যস প্রথমার্ধ্বে ঐ পর্যন্তই।

বিরতির পর ফিরে, ৬০ ও ৭১ মিনিটে লুকাসের জোড়া গোলে ব্যবধান ৩-০ করে গানাররা। এরপর ম্যাচের ইনজুরি সময়ে অ্যালেক্স চেম্বারলেইনের গোলে বড় জয়ের আনন্দে হাসে আর্সেন ওয়েঙ্গারের দল।

আরও পড়ুন