বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফখরুল-গয়েশ্বরের চার্জ গঠনের শুনানি ৫ জানুয়ারি

Fokrul-Goyeshoসচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক জাহিদুল কবির আজ (বুধবার) এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল আজ। তবে, মির্জা ফখরুল হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাড. জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

২০১২ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রের অপর ২৮ আসামি হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, ঢাকা মহানগর বিএনপির তৎকালীন সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপি নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, শাম্মী আক্তার শিফা, রেহানা আক্তার রানু, নীলুফার চৌধুরী মনি, সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, আবদুল মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার, যুবদলের সহ-দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কামরুজ্জামান রতন, মোরতাজুল করিম বাদরু, রেহানা আক্তার ডলি ওরফে রেহানা ইয়াসমিন ডলি ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভূঁইয়া ওরফে বাদল।

আরও পড়ুন