রাজধানীর লালবাগ এলাকায় একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধরা হলেন রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানী (২০), তাঁদের দুই মেয়ে আনিকা (৩) ও সানজিদা (২)।
রেজাউল বলেন, ম্যাচের আগুন থেকে তাঁদের টিনশেড ঘরে আগুন ধরে যায়।
বাড়ির মালিক জাহাঙ্গীর বলেন, সেখানে গ্যাসের কোনো লিকেজ ছিল না। তাই কী কারণে অগ্নিকাণ্ড হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাহাঙ্গীর আরো বলেন, টিনশেড ঘরে আগুন বড় আকার ধারণ করার আগেই নিভিয়ে ফেলা হয়। পরে স্থানীয় এলাকাবাসী রেজাউল ও তাঁর পরিবারের সদস্যের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।
বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, আগুনে রেজাউলের শরীরের ১৪ শতাংশ, রানীর ২৬, অনিকার ২৬ ও সানজিদার ৪৭ শতাংশ পুড়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া অগ্নিদগ্ধ একই পরিবারের চারজনকে বার্ন ইউনিটে ভর্তির কথা নিশ্চিত করেন।


