ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জেএমবির শীর্ষস্থানীয় নেতা শায়খ আবদুর রহমানের দুই সহযোগীকে ৩০ বছর করে কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহিম মিয়া এই রায় দেন।
কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন শায়খ আবদুর রহমানের দুই সহযোগী মাজেদুল ইসলাম ও আবদুল আজিজ হানিফ।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের টিলাগড় শাপলাবাগের সূর্য দীঘল বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ জেএমবির শীর্ষস্থানীয় নেতা শায়খ আবদুর রহমান, মাজেদুল ইসলাম, আবদুল আজিজ হানিফ ও তাদের পরিবারের সদস্যদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পৃথক তিনটি মামলা করা হয়। ১০ বছর পর আজ অস্ত্র ও বিস্ফোরক আইনে করা মামলায় রায় দেওয়া হয়।
সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ মাসুক আহমেদ বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত মাজেদুল ইসলাম ও আবদুল আজিজ হানিফকে ৩০ বছর করে কারাদণ্ডাদেশ, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে আমরা খুশি।’


