আবারো ক্যালেন্ডার তৈরির ঘোষণা দিলো ফুটবল ফেডারেশন। আগেও বেশ কবার এমন উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে পারে নি বাফুফে। জাতীয় দলের ব্যর্থতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে ফেডারেশনের নির্বাহি কমিটির সভায়।
এদিকে মামুনুল ইসলামের অবসর নাটকে নতুন মোড় নিয়েছে। দল চাইলে ফিরতে রাজি বলে জানিয়েছেন তিনি। ফেডারেশন, বল ঠেলে দিয়েছে কোচের কোর্টে।
নির্বাচনের আগে কাজী সালাউদ্দিন ঘোষনা দিয়েছিলেন ফেডারেশন সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হলেই ঘোষনা করবেন দীর্ঘমেয়াদী ফুটবল ক্যালেন্ডার। নির্বাচিত হওয়ার পর পেরিয়ে গেছে চার মাস, কিন্তু এখনো ক্যালেন্ডার হয় নি।
ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির চতুর্থ সভায় আবার এলো পুরনো ঘোষণা। সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী জানালেন অক্টোবরের মধ্যে ঘোষনা হবে তিন বছরের ফুটবল সূচী।
ফুটবল ক্যালেন্ডার ঘোষনা করা হয়েছিলো এর আগেও, কিন্তু তা বাস্তবায়িত করা যায় নি। যেমন এখনো বাস্তবায়িত হয়নি পেশাদার দলগুলোর বয়সভিত্তিক দল গঠনের বাধ্যবাধকতার নিয়ম। ফেডারেশন কর্তারা মুখে কঠোর হবার হুশিয়ারি দিলেন।
এদিকে মামুনুল ইসলামের অবসর নাটকে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। দল চাইলে অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে রাজি এই মিডফিল্ডার। ফেডারেশন বল ঠেলে দিলেন কোচের উপর।
১ অক্টোবর ক্যাম্প শুরুর আগেই কোচ জানিয়ে দেবেন তার পছন্দের তালিকা। ১০ অক্টোবর ভুটান ম্যাচের পর জাতীয় দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে বাফুফে সভায়।


