ঝিনাইদহ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা গ্রামের ওপারে ভারতীয় অংশে এই গুলির ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন মণ্ডল (২৭)। তাঁর বাড়ি চুয়াডাঙা জেলার বেগমপুর গ্রামে। বাবার নাম দাউদ হোসেন মণ্ডল।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, নিহত জসিম গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। তিনি তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে গরু আনতে গিয়েছিলেন। এ সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি।
জসিমের লাশ ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছে বিজিবি। তাঁর লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।
এদিকে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম দুখু মিয়া (২৮)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে গয়টাপাড়া সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের কাছে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


