ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান সংকট মোকাবিলায় জাতিসংঘের কাছে সমাধান না চেয়ে দু’দেশের মধ্যে সরাসরি আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামেন নেতানিয়াহু। এজন্য ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান মাহমুদ আব্বাসকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্টের উদ্দেশে এ প্রস্তাব রাখেন তিনি।
জাতিসংঘের অধিবেশনে রাখা বক্তব্যে আব্বাসের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘জেরুজালেমে এসে নেসেটে দাঁড়িয়ে ইসরায়েলের মানুষের সঙ্গে কথা বলুন। একইভাবে আমিও রামাল্লায় গিয়ে ফিলিস্তিনি পার্লামেন্টে কথা বলতে আগ্রহী। জেরুজালেম আর রামাল্লার পথ ধরে আসবে শান্তি। নিউ ইয়র্কে নয়।’
একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের কাছ থেকে আসা কোনও একপাক্ষিক সমাধান-পরিকল্পনায় ইসরায়েল কোনও সায় দেবে না একথাও সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলের ওপর কোনও নীতিমালা চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
বরং ইসলামি মৌলবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান ও আরব দেশগুলোর সঙ্গে এর সম্পর্ক ‘বিপ্লবের চেয়ে কোনও অংশে কম নয়’ বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
নেতানিয়াহু আরও জানান, আরব দেশগুলো যে ইসরায়েলকে শত্রু হিসেবে না নিয়ে বরং বন্ধু হিসেবে নিয়েছে, এ বিষয়টি আশাবাদী করেছে তাকে।
রবিবার নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর শেষ হবে বলে জানা গেছে।
বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে সদস্য রাষ্ট্রগুলোর উপস্থিতিতে সংস্থাটির ৭১তম সাধারণ অধিবেশন শুরু হয়। সূত্র: জেরুজালেম পোস্ট


