গান আর লাকী আখন্দ যেন এক সমার্থক শব্দ। যার প্রিয় কাজ গান লেখা সুর করা কিংবা গাওয়া। সেই লাখী আখন্দই এখন দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে নীরব হয়ে গেছেন।
তবে, স্বপ্ন দেখেন দ্রুতই সুস্থ হয়ে আবার ফিরবেন, ভালোলাগা ও ভালোবাসার জগতে।
এখনো গাইছেন লাকি আখন্দ। সঙ্গে সামিনা চৌধুরী। গানের কথা, সুর, লয় সবই আছে ঠিকঠাক। শুধু কোথায় যেনো হারিয়ে গেছে, সেই মধুর আওয়াজ।
ফুসফুসে ক্যান্সার বাসা বাঁধায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন তাঁর দিনযাপন। মাঝে-মধ্যে সঙ্গ দিতে আসেন সহকর্মীরা।
মনের অজান্তেই লাকি আখন্দের গান গুনগুনিয়ে গেয়ে ওঠেননি,এমন মানুষ পাওয়া ভার। গান লেখা, সুর করা, গাওয়া,সবমিলিয়ে দীর্ঘ তিন দশকের সঙ্গীত সাধনায় আধুনিক বাংলা গানকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
লাকী আকন্দের এখন স্বপ্ন, সুস্থ হলে মিউজিক ইনস্টিটিউট গড়বেন। প্রধানমন্ত্রীসহ যারা তার চিকিৎসায় পাশে ছিলেন, সবার প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কিংবদন্তী শিল্পী।
লাকী আকন্দের চিকিৎসার জন্য এখন দরকার প্রচুর অর্থের। তবে, কেউ যেন তার নাম ভাঙ্গিয়ে অন্যকিছু করতে না পারে, সেজন্য চাইলেন সবার সহযোগিতা।
এমন প্রেমময় সন্ধ্যা বারবার ফিরে আসুক এই গুনি শিল্পীর জীবনে, যেন কিছুতেই না নামে ঘোর অমানিশা-প্রত্যাশা সবার।


