রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হামিদুর রহমান মুজিবর (৪০) নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে হোটেল এরিনা থেকে হামিদুরের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি ওমর ফারুক।
ওসি জানান, হৃদরোগের কারণে হামিদুর ৮/৯ বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে পল্টনের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। গত ২২ সেপ্টেম্বর হামিদুর ও এজেন্সির এক নারী কর্মী স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে উঠেছিলেন।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, হামিদুর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শাহজাহানপুরের এক বাসায় থাকলেও ব্যবসার কাজে মতিঝিল যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন।
হামিদুরের সঙ্গে থাকা ওই নারী ও হোটেলের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি।


