কুষ্টিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে ইবি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আলী বিশ্বাসের ছেলে রাহেন আলী (৪৬), মৃত ইসহাক বিশ্বাসের ছেলে মোবারক হোসেন (৪৫), পলাশ মণ্ডলের ছেলে আবদুল আজিজ (৪৫), মৃত আরিফ মণ্ডলের ছেলে কুতুব উদ্দিন (৫২), মৃত মানা খানের ছেলে মো. আজিম (৪৪) ও শাহাজাহান বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২০)।
ইবি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে গত রাতে ইবি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
উল্লেখ্য, শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে অধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ১৯জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ইমান আলীর (৩৫) বাড়ি উপজেলার মাছপাড়ায় ও শাহাবুদ্দিন (৪২) একই উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা।


