বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না বলে জাতীয় সংসদে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডাক দিয়েছিলেন, যারা ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সব ধর্মের মানুষ আজ একত্রিত হয়েছে। আমরা আজ ঘুরে দাঁড়িয়েছি। আজ যেখানেই যান মানুষ জঙ্গিবাদ ঘৃণা করছে। মানুষ আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দাদের তথ্য দিচ্ছেন।’

সোমবার সংসদে সরকারি দলের সদস্য পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ধর্ম সমান। একটা গোষ্ঠী ধর্মের নামে এখানে হত্যাকান্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছিল। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ধর্মের প্রধানদের নিয়ে বসেছিলাম। তাদের জানিয়েছি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে যে যার ধর্ম পালন করবে। তখন তারা সবাই একমত হয়েছেন যে এখানে ধর্ম নিয়ে কোন অন্যায় সহ্য করা হবে না।’

জাতীয় সংসদে চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত ৬ বছরে ৫২ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩ হাজার ৫২৩ জন বিজিবি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৬ বছরে নিয়োগ দেওয়া পুলিশ সদস্যদের মধ্যে এএসপি পদে ৭০২ জন, এসআই ৪ হাজার ১৯৩ জন, পুলিশ সার্জেন্ট ৯২২ জন এবং কনস্টেবল ৪৬ হাজার ৫১৬ জন। পুলিশ সদস্যদের মধ্যে ২০১১ সালে ৮ হাজার ৮৯ জন, ২০১২ সালে ১২ হাজার ৮৩৪ জন, ২০১৩ সালে ৫ হাজার ২ জন, ২০১৪ সালে ৫ হাজার ৭৯৫ জন, ২০১৫ সালে ১০ হাজার জন এবং চলতি ২০১৬ সালে এখন পর্যন্ত ১০ হাজার ৬১৩ জনকে (বিভিন্ন পদে) নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া কনস্টেবল পদে আরো ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগের নিমিত্তে গত ৬ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে গত ৬ বছরে (২০১০-২০১৫ সালের ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ সামরিক এবং অসামরিক পদে ২৩ হাজার ৫২৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন