দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পন শেষে তিনি এসব কথা বলেন।
জিয়া সামাজিক সংস্থার ( জিসাস) ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুর্ষ্পাঘ্য অর্পন করা হয়। এ সময়ে জিসাস সভাপতি আবুল হাসেম রানাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ড.মঈন খান বলেন, গণতন্ত্র রক্ষার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। এজন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন। বর্তমান ইসি সরকারের আজ্ঞাবহ হওয়ায় বিগত আট বছরে দেশে সুষ্ঠ নির্বাচন হয়নি। ভোটাররা ভোট দিতে পারেনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশাপাশি বিএনপির সংগ্রামী ও পরিক্ষীত নেতা ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
মঈন খান আরো বলেন, হান্নান শাহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিক চিকিৎসায় কিছুটা উন্নতি হয়েছিলো।কিন্তু হঠাৎ করে চলে গেলেন। বর্তমান সময়ে হান্নান শাহর মত লোকের বড় বেশি প্রয়োজন ছিল। তার শূন্যতা পুরণ হবার নয়।
এ সময় তিনি হান্নান শাহর পরিবার ও আত্মীয়স্বজনদের সমবেদনা জানান।


