চলতি বছরের শুরুতে কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের সিনেমার কাজ শুরু করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপু। কয়েকদিন শুটিংয়ের পরই মিডিয়া থেকে উধাও হন অপু। এ নিয়ে বিপাকে পড়েন এ সিনেমার পরিচালক। দীর্ঘ আট মাস অপেক্ষা করেও এখন পর্যন্ত অপুর সন্ধান পাননি নির্মাতা।
গতকাল বুধবার থেকে নতুন করে এ সিনেমাটির গল্প লেখার কাজ শুরু করেন চিত্রনাট্যকার ছকটু আহমেদ।
শুটিং শুরুর দীর্ঘ আট মাস পরে আবার চিত্রনাট্য লেখানোর কারণ সম্পর্কে জানতে চাইলে পরিচালক কালাম কায়সার বলেন, “‘মা’ সিনেমার চিত্রনাট্য আমিই লিখেছিলাম। কিছু কিছু জায়গায় একটু সমৃদ্ধ করার জন্য ছকটু ভাইকে দিয়ে লেখাচ্ছি।”
অপুর পরিবর্তে নতুন নায়িকাকে দিয়ে এ সিনেমার বাকি কাজ করাবেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি পরিচালক কালাম কায়সার। এ প্রসঙ্গে তিনি বলেন, “মিডিয়ার সবাই জানেন অপু বিশ্বাস অনেক দিন পর্যন্ত কোনো সিনেমার কাজ করছেন না। ‘মা’ সিনেমায় অপুকে বাদ দিব ঠিক এমন নয়। সময় সব কিছু বলে দিবে।”
চলতি বছরের ২৬ জানুয়ারি বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এ সিনেমার মহরত হয় এবং পরবর্তীতে শুটিং শুরু করা হয়। বর্তমানে ‘মা’ সিনেমাটিসহ মোট চারটি সিনেমার শুটিং অপু বিশ্বাসের শিডিউল জটিলতায় আটকে রয়েছে।


