বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে ছাত্রদল। শুক্রবার এক বিবৃতিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করে।
অপরদিকে, শুক্রবার দেশব্যপি যুবদলের বিক্ষোভ অনুষ্ঠিত হলেও রাজধানীতে শনিবার এ কর্মসূচি পালন করা হবে। যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান প্রেরিত বিবৃতিতে শনিবার(১ অক্টোবর) দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিটকে যথাযথভাবে উক্ত কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
এদিকে, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন জানান, বিএনপি নেতা হান্নান শাহের মরদেহ নিয়ে যুবদলের অনেক নেতা ঢাকার বাহিরে গেছেন। তাই শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে রাজধানী ছাড়া দেশের সব জেলা ও মহানগরে যুবদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এ কর্মসূচি ঘোষণা করেন।


