আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। ষষ্ঠ ওভারে সাজঘরে ফিরেছেন মাত্র ১০ রান করে। এই প্রতিবেদন লেখার সময় সাত ওভার শেষে বাংলাদেশের স্কোর: ৩৬/১। ২৪ রান নিয়ে ব্যাট করছেন আরেক ওপেনার তামিম ইকবাল। সৌম্যর পর উইকেটে এসেছেন সাব্বির রহমান।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। প্রথম ম্যাচে জিততে জিততে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে আফগানিস্তান। আজ সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ জয় পেলে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে স্বাদ পাবে আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ের পাশাপাশি স্পর্শ করতে পারবে শততম জয়ের মাইলফলক।
প্রথম দুই ম্যাচের মতো আজো বাংলাদেশ মাঠে নামছে তিন পেসারের দল নিয়ে। তবে দলে এসেছে দুটি পরিবর্তন। রুবেল হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। আর প্রায় সাড়ে আট বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন মোশাররফ হোসেন রুবেল। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোশাররফ হোসেন রুবেল।


