বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের পণ্যাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানান, পণ্যাগারের ২৩ নম্বর শেডে রোববার ভোর ৬টায় আগুন লাগে।
প্রথমে ওই শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং পরে সেখানে আগুন জ্বলে ওঠে।
এক পর্যায়ে আগুন বন্দর শেড থেকে বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফায়ার সার্ভিসের বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত অর্থবছর বেনাপোল হয়ে ১৭ লাখ ৬৪ হাজার টন পণ্য আসা-যাওয়া করেছে।


