বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘জিয়ার লাশ এরশাদ গুম করতে চেয়েছেন’

জিয়ার লাশ এরশাদ গুম করতে চেয়েছেন“সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ গুম করতে চেয়েছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ রাঙ্গুনিয়া থেকে জিয়ার মরদেহ চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসেন।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে হান্নান শাহর স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেছেন।

জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে বিএনপির সদ্য প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের স্মরণসভার আয়োজন করা হয়। কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা শাহ মো. আবু জাফর ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

হান্নান শাহর সঙ্গে প্রথম পরিচয়ের কথা বলতে গিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘হত্যার পর কিছু বিপথগামী সেনাসদস্য জিয়াউর রহমানকে লুকিয়ে রেখেছিলেন। চট্টগ্রামে অনেক খোঁজাখুঁজির পর খবর পেলাম রাঙ্গুনিয়ায় একটি পাহাড়ের তলদেশে তাকে রাখা হয়েছে। আমি এবং বিশিষ্ট শ্রমিকনেতা আবদুল গফুর একটি বেবিট্যাক্সি করে সেখানে গেলাম। দেখি, ধানখেতের ওপর দিয়ে কয়েকজন ত্রিপলে একটি লাশ নিয়ে আসছেন। লাশের সামনে গেলাম। একজন আমাকে জিজ্ঞেস করলেন, হু আর ইউ। বললাম, আমি আবদুল্লাহ আল নোমান। পরে জানলাম তিনি হান্নান শাহ।’

চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী এই নেতা বলেন, ‘তখনো হান্নান শাহর অন্তরে জিয়াউর রহমানের প্রতি যে ভালোবাসা, আনুগত্য এবং তার সম্পর্কে জানা—সেটা ছিল বলেই জিয়ার মরদেহ আনতে গিয়েছিলেন তিনি। এ দায়িত্ব তিনি পালন না করলেও পারতেন। কারণ, এরশাদ তাকে বলেননি, এরশাদ তো লাশ গুম করে ফেলতে চেয়েছেন।’

আরও পড়ুন