বখাটের কোপে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নারগিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকেই নারগিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার (৩ অক্টোবর) বিকেলে গুরুতর জখম হওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়া ভোরেই অ্যাম্বুলেন্সযোগে স্কয়ারে নিয়ে আসা হয়। ভর্তির পর পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ নারগিসকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
নারগিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন, তার মাথায় ৫-৬টি কোপ দেওয়া হয়েছে। চিকিৎসকরা কোনো আশ্বাস দিতে পারেননি। তারা বলেছেন পরিস্থিতি ভাল না। কোপে মারাত্মক জখম হয়েছে।
সোমবার বিকেলে এসি কলেজ ক্যাম্পাসে নারগিসকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বখাটে বদরুল আলম (২৪)। ছুরিকাঘাত করার মুহূর্তটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি উঠছে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির।


