বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাবনায় ‘বোমা হামলায়’ বৃদ্ধার মৃত্যু, আহত ১

Pabna-mapপাবনা সদরে ‘বোমা হামলায়’ শতবর্ষী এক নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

নিহতের পরিবার পুরনো বিরোধের জেরে বোমা হামলার কথা বলেছে। তবে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেনি।

পাবনা সদর থানার ওসি এএনএম আব্দুল্লাহ হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত ছামিরন বেওয়া সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী।

আহত রেশমা খাতুন (২৫) ছামিরনের পুত্রবধূ। তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন রেশমা বলেন, ভোরে ঘর থেকে বের হয়ে শাশুড়িকে নিয়ে টয়লেটে যাওয়ার পথে তাদের লক্ষ করে বোমা ছোড়া হয়।

“বাড়ির লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে শাশুড়ির মৃত্যু হয়।”

আহত রেশমা বলেন, বলরামপুর গ্রাম ও পাশের চর-বলরামপুর গ্রামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে চর-বলরামপুর গ্রামের কেউ এ হামলা চালাতে পারে।

এদিকে বোমা হামলার কথা বলা হলেও পুলিশ কোনো আলামত পায়নি।

“কারা কী কারণে হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি।”

আরও পড়ুন