দাবি আদায়ে প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের পর পলাশীতে শিক্ষামন্ত্রীর পথ আটকে বিক্ষোভ করছেন সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি এই কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা কলেজ সংলগ্ন নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন, যাতে আজিমপুর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এরমধ্যে বিকালে ওই এলাকার ব্যানবেইস মিলনায়তনে পূর্ব নির্ধারিত একটি কর্মসূচিতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সড়ক ছেড়ে ছাত্রীরা শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলনে আসার পথে সেখানে মন্ত্রীর অবস্থানের কথা জানতে পেরে ব্যানবেইসের কম্পাউন্ডে ঢুকে পড়েন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও ফটকের ভিতরে অবস্থান নিয়ে ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। অন্যদিকে ভিতরে রয়েছেন মন্ত্রী নাহিদ।
কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান বলেন, “মন্ত্রী ভিতরে অবস্থান করছেন। কিন্তু আমরা এখনও তার সঙ্গে দেখা করতে পারিনি।”
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্র সাহা বলেন, “শিক্ষার্থীরা রাস্তায়। মন্ত্রী ব্যানবেইসের একটি অনুষ্ঠানে আছেন।”
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে ইসরাত জাহান বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি চাই। ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হলে সহ-শিক্ষা চালু হবে। এর আগে ২০ বছর ধরে এই কলেজের ছাত্রীরা এই দাবিতে আন্দোলন করে আসছে।”
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দেন গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা, যাতে সেখানে এ বছর থেকেই ছাত্রদেরও ভর্তি করানোর দাবি জানানো হয়।
ওই স্মারকলিপিতে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবি ছিল না বলে উপাচার্য সেদিন জানালেও আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছিলেন, ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি অর্জনের শর্ত পূরণের জন্য তারা এই দাবি করছেন।
বিকালে অবরোধের মধ্যে ইসরাত জাহান সাংবাদিকদের বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলন চালাকালে আগামী বুধ ও বৃহস্পতিবারের পরীক্ষা বন্ধ থাকবে। একইসঙ্গে কলেজের মূল ফটক তালাবন্ধ করে রাখা হবে।”
সড়কে নামার আগে সকাল ৯টার দিকে মাউশির মহাপরিচালক ওয়াহেদুজ্জামান গার্হস্থ্য অর্থীনতি কলেজের বৃক্ষরোপন কর্মসূচিতে এলে তার কাছে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সন্তোষজনক জবাব না পেয়ে এক পর্যায়ে তাকেও প্রায় ঘণ্টা দুয়েক কলেজে আটকে রাখেন তারা। পরে দাবি আদায়ে বেলা ১১টার দিকে রাস্তায় নামেন।


