ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন মেলেনি। তাঁর জামিন আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
এ মামলায় বিএনপির এই নেতা মিনার চৌধুরীর জামিন আপিল বিভাগ বাতিল করে দিয়েছিলেন। পরে তিনি চলতি বছরের ৩১ জুলাই হাইকোর্টে ফের জামিনের আবেদন জানান। এই আবেদনের ওপর তিন দিন শুনানি নিয়ে আজ আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ হয়।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল হক ও আবদুর রেজাক খান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার।
পরে কে এম জাহিদ সারওয়ার প্রথম আলোকে বলেন, ওই মামলায় আপিল বিভাগ মিনার চৌধুরীকে আগে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছিলেন। মামলায় সাক্ষ্য চলছে। এ অবস্থায় আদালত জামিন না দেওয়ার কথা বলেন, তখন আবেদনকারীর আইনজীবী বিষয়টি উপস্থাপন না করার কথা বলেন। পরে আদালত বিষয়টি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে (৪৭) দিনদুপুরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।


