বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছে ২৫-৩০ জন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আক্তার।
পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
এসআই শামিম বলেন, রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে নাবিল পরিবহনের একটি বাস ও রংপুরমুখী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ যাত্রীর মৃত্যু হয়, যাদের সবাই নারী।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরতলির রফাতুল্লাহ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই শামিম।


