শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের যেখানেই গৃহকর্মী নির্যাতনের খবর পাওয়া যাবে, সেখানেই চালানো হবে অভিযান।
আজ বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতির আলোকে গঠিত গৃহকর্মীবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলের সভা শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী।
সভা শেষে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, গৃহকর্মীদের সুরক্ষায় ২০১৫ সালে একটি নীতিমালা করেছিল সরকার। গৃহকর্মীদের সুবিধা-অসুবিধা দেখার জন্য ওই নীতিমালার আলোকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছিল। এই সেলের আজ ছিল দ্বিতীয় সভা।
সভায় পর্যালোচনা করে দেখা গেছে, এখনো বিভিন্ন স্থান থেকে গৃহকর্মী নির্যাতনের খবর আসছে। তাই এখন থেকে যেখানেই নির্যাতনের খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবে মনিটরিং সেল। যদি নির্যাতনের সত্যতা প্রমাণিত হয়, তাহলে গৃহকর্তা বা গৃহকত্রীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের গৃহকর্মী হিসেবে নিয়োগ দিতে হলে নিয়োগের চুক্তি, মজুরি নির্ধারণ, মজুরি পরিশোধ, কর্মঘণ্টা, ছুটি, বিশ্রাম, বিনোদন, প্রশিক্ষণ, চিকিৎসা, ধর্ম পালনের সুযোগ ও দুর্ঘটনায় ক্ষতিপূরণের বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, আন্তর্জাতিক শ্রম সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


