বুধবার ৪ নভেম্বর ২০২৬

নকশা এলে সংসদ এলাকার কবর সরানো হবে: মন্ত্রী

নকশা এলে সংসদ এলাকার কবর সরানো হবে মন্ত্রীযুক্তরাষ্ট্র থেকে লুই আই কানের নকশা আসার পর সংসদ ভবনের আশপাশ থেকে সব কবর সরানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার সংসদে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগমের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

সংসদ ভবন এলাকায় জিয়াউর রহমানের কবর রয়েছে, যা সরানোর যে কোনো চেষ্টা ঠেকানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিএনপি।

মূল নকশা ভেঙে চন্দ্রিমা উদ‌্যানে সমাহিত করা হয় রাষ্ট্রপতি জিয়াকে।

এছাড়া সংসদ ভবন এলাকার পশ্চিম-দক্ষিণ সীমানায় কবরস্থান গড়ে তোলা হয়, যেখানে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী খান এ সবুর ও শাহ আজিজুর রহমানের কবরও রয়েছে।

ওই কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান, সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়া, লেখক-সাংবাদিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবরও রয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংসদ ভবন এলাকায় নকশা ভেঙে গড়ে তোলা সব স্থাপনা সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে।

এজন‌্য লুই আই কানের মূল নকশাটি আনার পদক্ষেপও নিয়েছে, যা এখন রয়েছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানায়।

মন্ত্রী মোশাররফ বলেন, “যুক্তরাষ্ট্র থেকে জানানো হয়েছে, নকশা পাঠানোর প্রস্তুতিমূলক কাজ চলছে। নকশা আসার পর পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি আমলে জিয়াকে দেওয়া স্বাধীনতা সম্মাননাও সম্প্রতি প্রত‌্যাহার করে নেয় সরকার। বিএনপি ওই পদক্ষেপেরও সমালোচনা করে আসছে।

আরও পড়ুন