বুধবার ৪ নভেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় ‘স্রোতা’ জোটের আত্মপ্রকাশ

downloadসড়ক নিরাপত্তা নিয়ে কাজ করবে ‘সেভ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স: স্রোতা’। সড়ক নিরাপত্তা-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ জোট গঠন করা হয়েছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘স্রোতা’র আত্মপ্রকাশের কথা জানানো হয়।

ছয়টি সংগঠনের সমন্বিত অংশগ্রহণ থাকবে স্রোতায়। সংগঠনগুলো হলো নিরাপদ সড়ক চাই, ব্র্যাক, পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও বাংলাদেশ সোসাইটি ফর ইমারজেন্সি মেডিসিন। এ ছাড়া ব্যক্তি হিসেবে এ জোটে আছেন গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান। জোটের দাপ্তরিক দায়িত্ব পালন করবে ব্র্যাক।

আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিপিআরসির সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ব্র্যাকের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কর্মসূচির পরিচালক আসিফ সালেহ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সৈয়দ আবুল মকসুদ, যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী ও শ্রমিক নেতা মোখলেসুর রহমান।

সংবাদ সম্মেলনে হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করবে এ জোট। প্রতিবছর সড়ক দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দেওয়া হবে এ জোটের পক্ষ থেকে।

স্রোতা সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো সংগঠন এ জোটে যুক্ত হতে চাইলে তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানান হোসেন জিল্লুর রহমান।

আরও পড়ুন