কাঠগড়ায় দাঁড়িয়ে অনুতাপ প্রকাশ করে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য স্বামীকে দায়ী করেছেন নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানির সময় মহানগর হাকিম মো. নূর নবী আসামিদের উদ্দেশে বলেন, “আপনাদের তো আইনজীবী নেই, আপনারা কিছু জানাতে চান?”
তখন কাঠগড়ায় দাঁড়ানো তানভীর কাদেরীর স্ত্রী ফাতেমা বলেন, “আমাদের ভুল হয়ে গেছে। স্বামীর কারণে এই কাজ করেছি। হুজুর, আমাদের মাফ করে দেন।”
২০০১ সালে গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের তানভীরের সঙ্গে বিয়ে হয় ফাতেমার। লেখাপড়ার পাট চুকিয়ে দুটি বেসরকারি কোম্পানি ঘুরে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখায় উচ্চ পদে যোগ দিয়েছিলেন তানভীর।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে পুলিশি অভিযানের সময় টিকতে না পেরে তানভীর আত্মহত্যা করেন বলে পুলিশের ভাষ্য।
তখন ফাতেমার সঙ্গে গুলশান হামলায় জড়িত নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং জেএমবি নেতা বাসারুজ্জামান চকলেটের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিনকে পুলিশ আহত অবস্থায় আটক করে।
ওই তিন নারী মরিচের গুঁড়া ও ছোরা নিয়ে হামলা চালিয়েছিলেন বলে সেদিন পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। তিনজনের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হন, বাকি দুজন ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানায় পুলিশ।


