জঙ্গিদের অর্থের উৎস তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের রাজঘাট এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পুলিশপ্রধান বলেন, আমাদের জানামতে নব্য জেএমবির বাংলাদেশের প্রধান ছিলেন তামিম চৌধুরী। পুলিশের অনেক কাজের পাশাপাশি জঙ্গিবিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা জঙ্গিবাদ করে, তাদের কাছে বার্তা চলে গেছে যে এ দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। দুর্গাপূজা ও আশুরা উদ্যাপন একই সঙ্গে চলবে। সব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


