মাদারীপুরের পুলিশ ফাঁড়িসংলগ্ন জেলা প্রশাসনের ২০০ বছরের পুরোনো পুকুর ভরাট বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুকুর ভরাট কার্যক্রমের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গতকাল রোববার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। শুনানিতে রিটকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে মাদারীপুরের পুকুর ভরাট বিষয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি যুক্ত করে আদালতে রিটটি দায়ের করা হয়।
এ ছাড়া পুকুরটি রক্ষায় গতকাল আইনজীবী ইউনুস আলী আকন্দও একটি রিট দায়ের করেছিলেন।


