পুলিশ পরিচয়ে দিনদুপুরে ঢাকার পল্লবী থেকে তুলে নেয়ার প্রায় দুই সপ্তাহ পার হলেও অপহৃত চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
তাকে কে বা কারা অপহরণ করেছে তাও বলতে পারছে না তারা। তবে যে মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয়েছিল তা শনাক্ত করতে পেরেছে বলে দাবি পুলিশের।
মঙ্গলবার রাতে মুঠোফোনে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাদন ফকির বলেন, ‘অপহরণে ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়েছে। কিন্তু গাড়িটি এখনো জব্দ করা যায়নি। গাড়ির অবস্থান নিশ্চিত হওয়া গেলে ওই চিকিৎসককে উদ্ধার করা সম্ভব হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভুক্তভোগী পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তারা কোনো তথ্য দিতে পারছে না। তারপরও তাদের ওপর নজরদারি করা হচ্ছে।’
গত ২৯ সেপ্টেম্বর পাঁচ-ছয় জন যুবক পল্লবীর পুরবী সিনেমা হলের সামনে থেকে জোর করে রিয়াদকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় অপহরণের মামলা করা হয়। মামলায় চারজনকে আসামি করা হয়।


