জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে পাঁচ লাখ টাকা অর্থায়নের অভিযোগে মনজুর এলাহী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭। বুধবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক ও গণমাধ্যম কর্মকর্তা চন্দন দেবনাথ।
তিনি জানান, জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে পাঁচ লাখ টাকা দেওয়ার অভিযোগে মঞ্জুর এলাহীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইসলামী ব্যাংকের উত্তরা শাখার মাধ্যমে এই অর্থায়ন করেছিলেন। তিনি গার্মেন্টের যন্ত্রপাতির ব্যবসা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ এলাকায়।
হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছর ১৮ অগাস্ট রাতে ঢাকার ধানমণ্ডি থেকে দুই আইনজীবীসহ গ্রেফতার হন বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা।
লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চলতি বছর মার্চে ২৮ জন এবং হাটহাজারীর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এপ্রিলে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র্যাব। দুই মামলার অভিযোগপত্রেই মঞ্জুর এলাহীর নাম রয়েছে বলে জানায় র্যাব।


