অবশেষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে অর্ধশতকের আনন্দে বিভোর মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুশফিক আর মোসাদ্দেক হোসেনের দৃঢ়তাভরা ব্যাটিং বাংলাদেশকে এনে দিয়েছে লড়াই করার মতো সংগ্রহ। টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে করেছে ২৭৭ রান। মুশফিক ৬৭ ও মোসাদ্দেক ৩৮ রানে অপরাজিত ছিলেন। ক্রিস ওকসকে ছক্কা মেরে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক করা মুশফিকের ৬২ বলের চমৎকার ইনিংসে ছিল ৪টি চার। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে মোসাদ্দেকের সঙ্গে ৮৫ রানের মূল্যবান জুটি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এর আগে ১২২ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন সাব্বির রহমান ও মুশফিক। কিন্তু অর্ধশতক থেকে এক রান দূরে থাকতে আউট হয়ে গেছেন সাব্বির। আদিল রশিদের বলে কট বিহাইন্ড হওয়ার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৯ রান। তিন ওভার পর ফিরেছেন সাকিব আল হাসানও। মইন আলীর বল খেলতে গিয়ে একটু বাইরে বেরিয়ে এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বল ব্যাটকে ফাঁকি দিয়ে, উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে লেগে ফেলে দিয়েছেন বেল। শুরু থেকেই নড়বড়ে সাকিবের ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। আগের ম্যাচে বাংলাদেশের জয়ে ভালো অবদান রাখা নাসিরের অবদানও ৪ রান। চার উইকেট নেওয়া রশিদের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এর আগে আদিল রশিদকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে গ্যালারি উন্মাতাল করে তুলেছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু পরের বলেই ‘প্রতিশোধ’ নিয়েছেন ইংল্যান্ডের লেগস্পিনার। রশিদের বলে শর্ট কাভারে ক্যাচ তুলে দেওয়া মাহমুদউল্লাহর অবদান ঐ ছয় রানই।
মাহমুদউল্লাহর বিদায়ের আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করেছেন তামিম ইকবাল। ক্রিস ওকসকে পুল করে এমন দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ঘরের মাঠ চট্টগ্রামে দুর্দান্ত অর্জনটা স্পর্শ করার পর তামিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আদিল রশিদের গুগলিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়েছেন কাভারে। ৬৮ বলে পাঁচটি চারসহ ৪৫ রান করা তামিম বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটিও গড়েছেন মাশরাফির দলের দুই বাঁহাতি ওপেনার। কিন্তু তারপরই বিদায় নিয়েছেন ইমরুল। বেন স্টোকসকে ফ্লিক করতে গিয়ে বদলি ফিল্ডার ডসনকে ক্যাচ দিয়েছেন তিনি। ৫৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেছেন ইমরুল।
ইংল্যান্ডের বিপক্ষে আজকের ৮০ রানই বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। আগের সেরা জুটিতেও অংশীদার ছিলেন তামিম-ইমরুল। ২০১০ সালে মিরপুরে ৬৩ রানের জুটি গড়েছিলেন দুজনে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপরিবর্তিত দল নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন। জেসন রয় ও ডেভিড উইলির জায়গায় এসেছেন স্যাম বিলিংস ও লিয়াম প্লাংকেট।
রয় চোটের কারণে বাদ পড়েছেন। উইলি অবশ্য একাদশে জায়গা হারিয়েছেন খারাপ পারফরম্যান্সের কারণে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।


