আকাশের কান্নার যেন কোনো বিরাম নেই। সোম ও মঙ্গলবার টানা বৃষ্টির পর চট্টগ্রামের বুধবার সকালটাও ছিল বৃষ্টিস্নাত। কখনও গুড়ি-গুড়ি, কখনও আরেকটু বেশি। অবশেষে কমেছে টানা বৃষ্টি। সরানো হচ্ছে মাঠের উপর বিছানো আবরণ।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ঘিরে উত্তেজনার কমতি নেই। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ, বাংলাদেশের সামনে টানা সাত সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ওয়ানডেতে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ও এরপরে বিতর্কে বাতাসে ছিল বারুদের গন্ধ। আশ্বিনের টানা বর্ষণে দেখা দেয় সব ভেস্তে যাওয়ার শঙ্কা।
এমনিতে চট্টগ্রামর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দেশের অন্যতম সেরা। কিন্তু বৃষ্টি থামতে হবে তো! সোম ও মঙ্গলবারও পিচ কাভার সরানো যায়নি একবারের জন্যও। বুধবার আবহাওয়ার নাটকীয় উন্নতি হলে ম্যাচ হওয়া সম্ভব। তবে বুধবারও অবশ্য মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
এই সিরিজে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শেষ ম্যাচের আগে আবহাওয়ার অবস্থা দেখে রিজার্ভ ডে রাখার জন্য ইসিবির কাছে বিশেষভাবে প্রস্তাব দিয়েছিল বিসিবি। কিন্তু ইসিবি রাজি হয়নি তাতে। এছাড়া বৃহস্পতিবারই দেশের পথে রওনা হওয়ার কথা ইংল্যান্ডের ওয়ানডে দলের বেশিরভাগ ক্রিকেটারের। আবহাওয়ার উন্নতি না হলে হতাশাময় শেষ দেখবে জমজমাট সিরিজটি।


