বুধবার ৪ নভেম্বর ২০২৬

খাদিজার অবস্থার উন্নতি, লাইফ সাপোর্ট খোলা হয়েছে

খাদিজার অবস্থার উন্নতি, লাইফ সাপোর্ট খোলা হয়েছেসিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। খাদিজা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে স্কয়ার হাসপাতালের ডিপার্টমেন্ট অব মেডিসিন অ্যান্ড ক্রিটিকাল কেয়ারের (ডিএমসিকে) অ্যাসোসিয়েট মেডিক্যাল পরিচালক মীর্জা নাজিমুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খাদিজাকে ২৪ ঘণ্টা লাইফ সাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে তার শারীরিক অবস্থা কী হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন ও খাদিজার চিকিৎসক ডাক্তার এ এম রেজাউস সাত্তার বলেন, আগামী সপ্তাহে অর্থোপেডিক্স অপারেশনের সময় লাইফ সাপোর্ট দেওয়া লাগতে পারে। এখনও খাদিজা আইসিইউওতে রয়েছেন। শারিরীক অবস্থার আরও একটু উন্নতি হলে খাদিজার হৃদযন্ত্রের কোনো ত্রুটি আছে কিনা দেখতে তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই খবরে খাদিজার পরবিারের সদস্যদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। খাদিজার পরিবারের সদস্যরা চিকিৎসকের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে স্কয়ার হাসপাতালে অপেক্ষা করছেন।

এদিকে বুধবার খাদিজার চাচাতো ভাই নূর আহম্মেদ বলেন, ‘খাদিজা বর্তমানে একটু নড়াচড়া করছেন।শরীরে চিমটি কাটলে মানুষ যেমন নড়ে খাদিজা সেই রকম নড়ছেন।’

তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, খাদিজার সুস্থতার জন্য বর্তমানে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাতে শরীরের অবস্থার উন্নতি হলে আরো উন্নত চিকিৎসা দেওয়া হবে।

গত ৩ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

ওই ঘটনার পর প্রথমে খাদিজাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৪ অক্টোবর ভোরে ঢাকায় আনা হয়। ওই দিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন।

আরও পড়ুন