জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন ‘জঙ্গি আর খালেদা’ কখনোই আলাদা নন।”
জঙ্গির সঙ্গী খালেদাকেও বর্জন ও বিদায় করতে হবে উল্লেখ করে জাসদ সভাপতি ইনু বলেন, “খালেদা জিয়া জঙ্গির সঙ্গী আর বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা।”
“শেখ হাসিনার নেতৃত্বে একদিকে জঙ্গিমুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যুদ্ধ চলছে।”
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযান শুরুতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ইনু।
তিনি বলেন, যখন দেশের সবাই একমত হয়েছেন যে, দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ। তখন গণতন্ত্রের অজুহাতে জঙ্গির সঙ্গী খালেদা ও জঙ্গী পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তাই জঙ্গির সঙ্গী খালেদাকে গণতন্ত্রের লাইসেন্স দেওয়া যায় না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসনের পথে এগিয়ে নেওয়ার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
ঢাকা মহানগর জাসদ সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন।


