কলকাতার আলোচিত অভিনেত্রী পাওলি দাম শুক্রবার বিকেলে ঢাকায় এসেছেন। ‘সত্তা’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নিতে তিনি ঢাকায় এসেছেন।
ছবিটির পরিচালক এ খবরটি নিশ্চিত করেছেন। পরিচালক জানান, ঢাকায় এসে বিশ্রাম নিচ্ছেন পাওলি। শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
পরিচালক সূত্রে জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে কক্সবাজারে ‘সত্তা’ ছবির দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হবে। যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। তাই শুক্রবার দুপুরের দিকেই কক্সবাজারের উদ্দেশ্যেই ঢাকা ত্যাগ করছেন ‘সত্তা’ ছবির নায়ক শাকিব খান।
শাকিব খান ও পাওলি দাম ছাড়া ‘সত্তা’ ছবিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, ডন, শিমুল খানসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল। আর এ ছবির সবকটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, মমতাজ, বাপ্পা মজুমদার, মিলা প্রমুখ।


