দিনাজপুর জেলায় শুক্রবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীসহ ৩জন নিহত হয়েছেন। এর একটি জেলার নবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাক উল্টে আর অপরটি কাহারোলে নসিমন উল্টে।
এরা হলেন- মো. আব্দুল মান্নান (৩৩), মো. শাহজাহান (২৬) এবং মো. জাকিরুল ইসলাম (৩০)।
নিহত মো. আব্দুল মান্নান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। শাহজাহান একই গ্রামের মো. তাজুল মিয়ার ছেলে। জাকিরুল ইসলাম কাহারোলের সুন্দরপুর ইউনিয়নের শাহীনগর গ্রামের মো. মহসিন আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার এএসআই রেজওয়ানুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিপুর গ্রামের আব্দুল মান্নান ও শাহজাহান ঠাকুগাঁওয়ে মাছ বিক্রির পর ট্রাকে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা নামক এলাকায় ট্রাকটি উল্টে যায়। ট্রাকের ওপরে থাকা দুই মাছ ব্যবসায়ী এতে প্রাণ হারান।
অপরদিকে, কাহারোলে প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর আলম জানান, আলুবাহী নছিমনটি উল্টে তার উপর পড়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে নছিমনটি তুলে চালক জাকিরুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে।
জাকিরুল ইসলামের বাবা মহসিন আলী জানান, হিমাগার হতে আলু ভাড়া আছে বলে সকালে নসিমন নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল সে। দুপুরে দুর্ঘটনার খবর শুনে ছুটে এসেছি।


