বুধবার ৪ নভেম্বর ২০২৬

অপুকে নিয়ে ভাবার সময় নেই: বুবলি

ঢাকাই ছবিতে তার অভিষেক শাকিব খানের মতো সুপারস্টারের নায়িকা হয়েই। তবে বুবলির এই শুরুটাও কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে শাকিবের অন্যতম নায়িকা অপু বিশ্বাসের হঠাৎ অন্তর্ধানের কারণে। রুপালি জগতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাই অপু ও শাকিবকে ঘিরে নানা মুখরোচক গুজবের বানে জর্জরিত হচ্ছেন তিনি।

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন সত্যের চেয়েও বেশি প্রতিষ্ঠিত হয়ে আছে সিনেমা পাড়ায়। তাদের মান-অভিমানে কম ক্ষতিগ্রস্থও হননি চলচ্চিত্র পরিচালক-প্রযোজকরা। তবু হিট এ জুটির পেছনেই ছুটেছেন তারা। কিন্তু হুট করে ফের অপু বিশ্বাসের হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক পরিচালক ও প্রযোজক।

অপুর হারিয়ে যাওয়ার খবর প্রমাণিত হতে হতেই সংবাদ পাঠিকা বুবলিকে নিয়ে এলেন শাকিব। নিজের তত্বাবধানে শামিম আহমেদ রনির পরিচালনায় ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে প্রতিষ্ঠিতও করলেন মিডিয়ায়।

কিন্তু বুবলির সুখ সইলো না অনেকেরই। শাকিব-বুবলির নতুন রসায়নকেও দায়ি করে বসলেন অপু বিশ্বাসের ফিরে না আসার কারন হিসেবে। সঙ্গে বুবলিকেও নায়িকা যতোটা না তার চেয়ে শাকিবের নতুন সঙ্গী হিসেবেই ইঙ্গিত করে ছড়ালো গুঞ্জন।

কিন্তু এসব নিয়ে বুবলি নিজে কী ভাবছেন?
বুবলি বলেন, “এসব নিয়ে আমি কিছুই ভাবছি না। কে থাকলো, কে গেলো এসব আমার জানার দরকারও নেই। ভাবছি না এখনই নায়িকা হয়ে গেছি। আমি কাজ নিয়ে ভাবছি। আগে একটা প্রফেশনে ছিলাম। এখন অন্য আরেকটা প্রফেশনে এসেছি। প্রথম সিনেমা মুক্তির পর আমার কাছে মনে হচ্ছে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। সুস্থ পরিবেশ পেলে, সুন্দর গল্প ও নির্মাণের নিশ্চয়তা পেলে আমি কাজটা নিয়মিত করতে চাই।”

রোববার খবর এলো- অপু বিশ্বাসের অন্তর্ধানের পর নির্মাতা কালাম কায়সার তার ঝুলে থাকা চলচ্চিত্র ‘মা’-তে অপুকে বাদ দিয়ে শাকিব খানের বিপরীতে বুবলিকেই নায়িকা হিসেবে নির্বাচন করেছেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছেন বুবলি।

অপু বিশ্বাসের দুঃখের অনলে আরেকটু ঘি ঢাললেন কী?
বুবলি বললেন, “দেখুন সবাই সবার জায়গায় দাঁড়িয়ে প্রতিষ্ঠা অর্জন করে। বাইরের দেশেও এরকম অনেক কাস্টিং চেঞ্জ হচ্ছে। কাজের জায়গায় আমি প্রফেশনাল। আমার জন্য গল্পেরও পরিবর্তন করছেন নির্মাতা। আমি আনন্দিত নতুন চলচ্চিত্রে যুক্ত হতে পেরে।”

চলচ্চিত্রে কাজের পরিবেশ নিয়ে কিছুটা হতাশ ও বিরক্ত বুবলি। তারপরও এই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করাটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন তিনি।

তার ভাষ্যে, “আমাকে নিয়ে অনেক গসিপ, রগরগে সংবাদ প্রচারিত হচ্ছে। যেসবের কোনও অংশ আমি নই। নায়িকা হতে এসে কি হয়েছে দেখুন, আমি ম্যারেড নই, অথচ খবর এলো আমার বাচ্চা হয়ে গেছে, আমি নাকি আগেও বিয়ে করেছি!”

তিনি আরও বলেন, “এর আগে আমি সংবাদ জগতে ছিলাম। আমার আগের কর্মস্থলে অনেক সম্মানের সঙ্গে কাজ করেছি। আমি চাই এখানেও শিক্ষিত মানুষ কাজ করতে আসুক। অযাচিত প্রতিবন্ধকতার মুখোমুখি না হোক। এসব কারনে ফিল্মকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি।”

শাকিবের বাইরেও অন্য নায়কের সঙ্গে কাজ করতে আগ্রহী বুবলি।
তিনি জানালেন, “‘বসগির’র পর অনেক ফিল্মের অফার পাচ্ছি। দর্শকদের রেসপন্স দেখেও মনে হয়েছে তারা আমার কাছে ভালো কিছু চায়। তাই, মিডিয়ায় থাকার জন্য যেন তেন সিনেমায় কাজ করতে চাই না। যাচাই বাছাই করে সুস্থ ধারার ফিল্মে নাম লেখাতে চাই। শাকিব খান ছাড়াও অন্য নায়কদের সঙ্গে ফিল্মের অফার আসছে। কাজের ভালো পরিবেশ পেলে অবশ্যই করবো তাদের সঙ্গে।”

তবে, যে শাকিবকে নিয়ে এতকিছু, তার সঙ্গে আসলে সম্পর্কটা কেমন বুবলির?

হাসতে হাসতে বুবলি বললেন, “উনার সঙ্গে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব কেয়ারিং তিনি। অনেক সহযোগিতা করছেন আমাকে।’

শাকিবের সঙ্গে কোনো মধুর স্মৃতি?
বুবলি বললেন, “এই মুহুর্তে মনে পড়ছে ‘বসগিরি’ সিনেমার একটা মিটিংয়ের কথা। হুট করে একটা গান পরিবর্তন করে আমার নামে নতুন গান করালেন তিনি। গানের র‌্যাপ পার্টের ভাষা কেমন হবে সে আইডিয়াও দিয়ে দিলেন। সিনেমার গানে আমার নাম বুবলি উচ্চারিত হলো তার মাধ্যমে। ঘটনাটি আনন্দের।”

আরও পড়ুন