অভিনয়জীবনের প্রথম দুটি সিনেমায় শাকিব খানের নায়িকা হয়েই আলোচিত শবনম বুবলি। এরপর আরও কয়েকটি ছবিতে বাংলাদেশি সিনেমার জনপ্রিয় এই নায়কের সঙ্গে অভিনয়ের সম্ভাবনা দেখা দেয় বুবলির। একটানা কয়েকটি ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হওয়ায় বুবলিকে নিয়ে চলচ্চিত্রপাড়ায় প্রেমের গুঞ্জন বাতাসে উড়ে বেড়াতে থাকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বুবলি।
বুবলির দাবি, ‘তিনি প্রেম করেননি, বিয়ে করেননি, সন্তানও নেই…।’
বৃহস্পতিবার বুবলি বলেন, ‘প্রেম, বিয়ে কিছু নিয়ে ভাবছি না। আপাতত আমি শুধুই আমার চলচ্চিত্র নিয়ে ভাবছি। দর্শকদের কিছু মানসম্পন্ন কাজ উপহার দেওয়াই আমার লক্ষ্য।’
বুবলি জানান, ভবিষ্যতে প্রেম ও বিয়ের ব্যাপারটি সামনে এলে সবার আগে মিডিয়ার মানুষদেরই জানাবেন। তিনি বলেন, ‘মিডিয়ার মানুষেরা পেশাদারি বিষয়ের পাশাপাশি আমার ব্যক্তিগত বিষয়গুলোও দর্শকদের জানাতে আগ্রহী।’ কয়েক দিন ধরে অনেক সাংবাদিক চলচ্চিত্রের খবরের পাশাপাশি তাঁকে ব্যক্তিগত ব্যাপারেও অনেক প্রশ্ন করেছেন। সেসবের উত্তর দিতেও তিনি ক্লান্ত।
ফেসবুকে বুবলি লেখেন, অনেক সাংবাদিক আছেন, কোন যোগাযোগ না করেই মসলাদার সংবাদ প্রকাশ করছেন। এসব ভুয়া সংবাদ করার পেছনে একটা চক্র কাজ করছে, যারা হিংসার বশবর্তী হয়ে এসব করাচ্ছে। সাংবাদিক ভাইদের অনুরোধ করব, ভালো কাজের একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনাদের ভূমিকা অপরিহার্য। সে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিল্পীদের সহায়তা করুন।


