রাজধানীর জুরাইন এলাকায় গ্যাসের পাইপ বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ হয়েছেন ৫ জন। গুরতর আহতাবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, জুরাইনের বউবাজার মদিনা মসজিদের পাশে একটি টিনশেড বাড়িতে শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্থানীয়রা।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। আগুনে কালামের ৬০ শতাংশ, তার স্ত্রী জেসমিনের ৩৯ শতাংশ, ছেলে রনির ৪০ শতাংশ, ভাতিজি শারমিনের ৩৮ শতাংশ ও প্রতিবেশী সোহানার ১০ শতাংশ পুরে গেছে।
সিগারেট ধরাতে গেলে হঠাৎ পুরো ঘরে আগুন জ্বলে উঠে বলে আহতদের কাছ থেকে জানা গেছে।


