গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজির অভিযোগে এক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিসহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার কাশিয়ানী উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পারুলিয়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন (৪৫), পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুর আলী মোল্যা (৬০) ও একই গ্রামের নাসির মোল্যা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেবগ্রামের প্রিয়নাথ বালার ছেলে পাচু বালা সম্প্রতি প্রতিবেশী মো. জাফর মিয়ার কাছে বিলঢেকি মৌজায় ১৭ শতাংশ জমি বিক্রি করে। এ সংবাদ জানতে পেরে পারুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল হোসেন, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জহুর আলী মোল্যা, নাছির মোল্যা ও এসকেন তালুকদার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে পাচু বালা ভয়ে তাদেরকে ৭ হাজার টাকা চাঁদা দিয়ে ক্ষমা চায়। পুনরায় আরও টাকা চাঁদা দাবি করে এবং নানা ধরনের হুমকি দেয়। পরে পাচু বালা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে কোন প্রতিকার না পেয়ে রোববার বিকেলে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আলী নুর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।


